বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২; আগুনে পুড়ল বাস

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় আসিফ (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নাইম ও জিহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত নাইম ও জিহাদ একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির উদ্দেশে ছেড়ে যাওয়া জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় মোটরসাইকেল চালক আসিফ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী নাইম ও জিহাদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ক্যাটাগরি