মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভোলাহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভার আগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক আলহাজ মো. আমিনুল ইসলাম আমিন।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আরাফাত হক সানির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঠিকাদার মো. আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. আইনাল হক চৈতু, মো. সাদিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুস সামাদ।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভাশেষে কেক কেটে উপস্থিত সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ করা হয়।

এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি