ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি
সেলিম রানা,ফুলপুর, ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
পরে জব্দ করা সার কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার জুড়া ব্রিজ ও আমুয়াকান্দা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় করে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অটোরিকশাটির গতিরোধ করেন।
এ সময় সার বহনকারী অটোরিকশার চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা সারগুলো আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেন।
জানা গেছে, সারগুলো তারাকান্দা থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কী উদ্দেশ্যে এবং কার মাধ্যমে এসব সার পরিবহন করা হচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে তিনি আটক করা ২০ বস্তা ডিএপি সার জব্দ করে তাৎক্ষণিকভাবে কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করেন।
অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় সারগুলো কোন ডিলারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা ডিএপি সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়া এবং সার নিয়ে অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।