পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান আবুল কালাম আজাদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দেখতে পান, তাঁর মৃত্যু হয়েছে।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।