“এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে” – শামসুজ্জামান হেলালী
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী শামসুজ্জামান হেলালী বলেছেন, “একটি শোষণমুক্ত, সুবিচারভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের মাধ্যমেই বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে ময়দানে থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।”
অদ্য ১৭ অক্টোবর সন্ধ্যায় একটি স্থানীয় রেষ্টুরেন্টে চট্টগ্রামের ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আমীর ও আকবরশাহ থানা এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী আফসার উদ্দিন শাহীনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারী মোঃ আবদুল মোমেনের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও আকবরশাহ থানা আমীর আলহাজ্ব আবদুল হান্নান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার বাস্তবায়নে ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
সম্মেলনে অপর বিশেষ অতিথি বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউসুফ চৌধুরী বলেন, “এলাকার উন্নয়ন, সামাজিক অবক্ষয় রোধ এবং মানবাধিকার সুরক্ষায় নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই। একটি বৈষম্যহীন ও সৎ সমাজ গঠনে ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সৎ, দক্ষ ও খোদাভীরু নাগরিক গড়ার কাজে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করার জন্য তিনি উপস্থিত কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উক্ত কর্মী সম্মেলনে আকবরশাহ থানা ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতে ইসলামীর অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।