বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উৎসব সবার—দীপেন দেওয়ান
মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি :
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে পালিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উৎসব উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাঙামাটিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তার পরিবেশে ধর্মীয় উৎসবগুলো সফল ও আনন্দমুখর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও শুভ কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনসহ পূজা উদযাপন পরিষদ ও কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।