শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় ছুরি দেখিয়ে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি,লামা(বান্দরবান):
​বান্দরবানের লামা পৌরসভায় পূর্বশত্রুতার জেরে পথরোধ করে ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ ইনতাজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ করিম।

​শুক্রবার (৯ অক্টোবর) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে লামা থানায় এই অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন।

​থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লামা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ করিম। পথিমধ্যে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার কারিতাস অফিসসংলগ্ন পাকা সড়কে পৌঁছালে অভিযুক্ত মোহাম্মদ ইনতাজ হোসেন মোটরসাইকেলের হেডলাইটের আলো তার চোখের ওপর ফেলে পথরোধ করেন।

​এ সময় ইনতাজ হোসেনের সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে ভুক্তভোগী করিমকে আকস্মিকভাবে জাপটে ধরেন। একপর্যায়ে ইনতাজ হোসেন ধারালো ছুরি প্রদর্শন করে তাকে প্রাণনাশের ভয়ভীতি দেখান এবং তার পকেটে থাকা নগদ ১৭ হাজার ৪৯০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় লামা বাজারের দিক থেকে কয়েকজন পথচারীকে আসতে দেখে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলা হয়, এ বিষয়ে কোথাও বিচার চাইলে কিংবা থানায় মামলা বা অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

​পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা ভুক্তভোগীকে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। ঘটনার পর থেকেই অভিযুক্তদের হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মোহাম্মদ করিম। নিরুপায় হয়ে এবং স্থানীয়ভাবে কোনো সুরাহা না পেয়ে তিনি শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছে, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ক্যাটাগরি