শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাপ্তাইয়ের চাকুয়া পাড়ায় তিন বছর ধরে ভাঙা সেতু, কাঁচা সড়কে চরম দুর্ভোগে এলাকাবাসী

মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকুয়া পাড়ায় দীর্ঘ তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সেতু। পাশাপাশি এখনো কাঁচা রয়ে গেছে সড়কটি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের চলাচলের অন্যতম পথ এই সেতু ও সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, বয়স্ক মানুষ, অসুস্থ রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের যাতায়াত এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসার ক্ষেত্রে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে ভাঙা সেতু ও কাঁচা সড়কের কারণে চাকুয়া পাড়ার মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে কষ্টকর ও অনিশ্চয়তাপূর্ণ। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও খারাপ হলে চলাচলে দুর্ভোগ বাড়ে। দীর্ঘ তিন বছর পার হলেও সেতুটি পুনর্নির্মাণ এবং সড়কটি উন্নয়নের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সেতুটি পুনর্নির্মাণ এবং সড়কটি পাকা করার উদ্যোগ নেবেন। এতে এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের দুর্ভোগ অনেকটাই কমবে।

সরকারের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন
চাকুয়া পাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সেতু ও সড়কটি নতুন করে নির্মাণ ও সংস্কারের জন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, মানুষের মৌলিক অধিকার, নিরাপদ যোগাযোগব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চাকুয়া পাড়ার সেতু ও সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হলে এলাকাবাসী সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন।

এখন এলাকাবাসীর একটাই দাবি—ভাঙা সেতুর পুনর্নির্মাণ, কাঁচা সড়কের উন্নয়ন এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি।

ক্যাটাগরি