শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

‘সেবাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে’ – নজরুল ইসলাম

চট্টগ্রাম, ৯ অক্টোবর ২০২৬: সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। নির্বাচিত কাউন্সিলর না থাকায় জনগণের এসব ভোগান্তি দেখারও কেউ নেই।” তিনি অনতিবিলম্বে জনগণকে যথাযথ সেবা প্রদানের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফইল্যাতলী বাজার ও আশপাশের এলাকায় জনসংযোগ ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ এবং পাহাড়তলী থানা জামায়াতের আমীর মোহাম্মদ নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম শফিকুল মাওলা শোভন, অফিস সম্পাদক আবু রায়হান, শূরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল হক ও আবুল হাশেম চৌধুরী, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে ফইল্যাতলী বাজার ও হালিশহর এ ব্লকের বিভিন্ন গলিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশার ওষুধ ছিটানো হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ক্যাটাগরি