পড়ে গিয়ে কোমর ভেঙেছে প্রতিবন্ধী সোহাগের, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অসহায়।
মো. জয়নাল আবেদীন,কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম টিলা এলাকার বাসিন্দা মো. সোহাগ দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি। দুর্ঘটনায় তাঁর কোমর ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন সোহাগ। এতে তাঁর কোমরে মারাত্মক আঘাত লাগে এবং চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তাঁর চিকিৎসায় ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও অন্যান্য খরচ প্রয়োজন হচ্ছে।
সোহাগের বাবা একজন চা বিক্রেতা। ছোট্ট একটি চায়ের দোকান থেকে সামান্য আয় দিয়েই কোনো রকমে সংসার চালান তিনি। এরই মধ্যে ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের ওপর রয়েছে ঋণের বোঝাও। ফলে সোহাগের উন্নত চিকিৎসার খরচ চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় সোহাগের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং হৃদয়বান মানুষের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যরা বলেন, একজন প্রতিবন্ধী মানুষের জীবন বাঁচাতে ও সুস্থ করে তুলতে সমাজের মানুষের সামান্য সহযোগিতাও বড় ভূমিকা রাখতে পারে। সোহাগের চিকিৎসা চালিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে অসহায় সোহাগ ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন স্বজনরা। তাঁদের আশা, সমাজের সহৃদয় মানুষ এগিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে সোহাগকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
যোগাযোগ ও বিকাশ নাম্বার 01990912081,