রাঙামাটিতে ৫ দিন পর ভেসে উঠল ঝুলন্ত সেতু, বাড়ছে পর্যটকদের ভিড়
অহিদুল ইসলাম অভি-জেলা প্রতিনিধি রাঙামাটি
দীর্ঘ পাঁচ দিন পানির নিচে থাকার পর অবশেষে কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠেছে রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণীয় আইকনিক ঝুলন্ত সেতু। সেতুটি দৃশ্যমান হওয়ার পর শুক্রবার সকাল থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে এখনো ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি।
গত শনিবার (২৯ আগস্ট) টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুটি পাঁচ দিন ধরে পানির নিচে তলিয়ে ছিল। এতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই সেতুটি দেখতে না পেরে অনেকেই হতাশ হয়ে ফিরে যান।
ঢাকা থেকে আসা পর্যটক সাদিয়া লিজা বলেন, প্রথমবার রাঙামাটিতে এসে এখানকার মনোরম পরিবেশ ও মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। তবে পরিবেশ সুন্দর রাখতে আমাদের সবাইকে যত্রতত্র বর্জ্য ও প্লাস্টিক না ফেলে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারিভাবেও আরও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
হবিগঞ্জের মাধবপুর থেকে আসা চিকিৎসক খালিদ হোসেন বলেন, সারাদিনের ব্যস্ততা ও কাজের চাপের মধ্যে এমন মনোরম পরিবেশে এসে খুব ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আতিথেয়তা খুবই উপভোগ করেছি। ব্যস্ত জীবনের মাঝে সবারই মাঝে মাঝে এমন জায়গায় ঘুরতে আসা উচিত।
নওজান ঘাটের টোল আদায়কারী ফখরুল ইসলাম বলেন, “গত এক সপ্তাহ ধরে পানি কম থাকায় পর্যটকের সংখ্যা কমে গেছে। এতে নৌঘাটের মালিক ও চালকরা বোট ভাড়া থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। তবে এখন পানি কিছুটা কমে আসায় পর্যটক বাড়তে শুরু করেছে এবং বোট ভাড়াও হচ্ছে।”
ঝুলন্ত সেতু দৃশ্যমান হওয়ায় পর্যটকদের মধ্যে আবারও আগ্রহ বেড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।