পাহাড়ে অন্ধকার দূর করতে অস্ত্র নয়, শিক্ষার আলো চান: প্রতিমন্ত্রী মীর হেলাল।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
পাহাড়ে সশস্ত্র তৎপরতা ও সহিংসতা কমাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
রাঙামাটিতে সংশ্লিষ্টদের সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, শুধু সেনাবাহিনী-পুলিশ মোতায়েন করে পাহাড়ের সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে অন্ধকার রয়েছে, সেখানে শিক্ষার আলো ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মানুষের জীবনমান উন্নত হলে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতাও কমবে।
দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পর্যটন খাতের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
পাহাড়ের উন্নয়নে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপরও গুরুত্ব দেন মীর হেলাল। তাঁর মতে, প্রকৃতি অক্ষুণ্ন রেখেই অবকাঠামো ও পর্যটন উন্নয়ন করতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ওয়াটার অ্যাম্বুলেন্স, ওয়াটার ফায়ার সার্ভিস ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ রাঙামাটির স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি।
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পার্বত্য প্রতিমন্ত্রী।