বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটি গঠন

নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয়ে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় নতুন এসএমসি কমিটি গঠন করা হয়। সভায় রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নির্বাচন ও দায়িত্ব বণ্টন করা হয়।

নবগঠিত কমিটিতে এটিএম জাবের উদ্দিন সভাপতি এবং মো. পিন্টু সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের মুমিনুল হক মাস্টার পদাধিকার বলে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মতিউর রহমান, পারভীন আক্তার, বজলুর রহমান, সুচনা, সলিমুল্লাহ হুজুর, শাহ আলম ও সুমি আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের বিদ্যালয়ের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিতরা।

বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষকদের ভূমিকা যথেষ্ট নয়। শিক্ষক, অভিভাবক, এসএমসি কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ও নিয়মিত তদারকির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব।

তারা আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।

নবগঠিত এসএমসি কমিটির নেতৃবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

এদিকে, নতুন এসএমসি কমিটি গঠনের মধ্য দিয়ে রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় অভিভাবক ও সুধীজন। তাদের আশা, শিক্ষক-অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ক্যাটাগরি