জনগণের ন্যায্য দাবি আদায়ে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করুন: মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লংমার্চ-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হবে। লংমার্চের সর্বশেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) লালদিঘী ময়দান পরিদর্শন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি এমদাদুল্লাহ সোহাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আব্দুছ ছালাম আজাদ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এলডিপি চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, জাগপা চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, এনসিপি নেতা নিজাম উদ্দিন, শাহেদ ইকবাল, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর অফিস সম্পাদক জাহেদুল ইসলাম, এনসিপি নেতা জাফর আহমদ চৌধুরী প্রমুখ।
এ সময় মুহাম্মদ শাহজাহান বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের ন্যায্য দাবির পক্ষে এই কর্মসূচিতে চট্টগ্রামসহ দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের জনদুর্ভোগ ও সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা টেকসই হতে পারে না।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনজীবনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করা জরুরি। সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটি কোনো ব্যক্তি বা দলের স্বার্থের কর্মসূচি নয়; জনগণের ন্যায্য অধিকার ও একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি।
নেতৃবৃন্দ লালদিঘী ময়দান পরিদর্শনকালে সমাবেশের মঞ্চ, প্রবেশপথ, জনসমাগমের স্থান, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাবেশে আগত জনগণের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও নেতৃবৃন্দ আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে লংমার্চ ও লালদিঘীতে অনুষ্ঠিতব্য সমাবেশ নিয়ে ১১ দলীয় ঐক্য চট্টগ্রামের সংবাদ সম্মেলনে সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানান।