লামায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি। ১০ জুলাই ২০২৬, শুক্রবার তিনি নিজে সরেজমিনে বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এদিন লামা পৌরসভার হরিণঝিরি, বাঘেরঝিরি, শিলের তুয়া ও ঝুলার দোকান এলাকার ১৫০টি বন্যাদুর্গত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে মারমা, বাঙালি, অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য, বৃদ্ধ-বৃদ্ধা, নারী ও অসহায় পরিবারের লোকজন ছিলেন।
এ সময় আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি বলেন, “দুর্যোগে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি লামাসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানির জন্য দোয়া করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
সহায়তা বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।