বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

চকরিয়ায় শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপান, ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থীর প্রকাশ্যে ধূমপানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় চিংড়ি চত্বর সংলগ্ন এলাকায় আড্ডা দিচ্ছে। এ সময় তাদের মধ্যে একজনকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। পাশে সহপাঠী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিও লক্ষ করা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, বিদ্যালয়ের পোশাক পরে এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগত শৃঙ্খলাভঙ্গই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

স্থানীয়দের মতে, পরীক্ষা শেষে আনন্দ উদযাপন স্বাভাবিক বিষয় হলেও তা যদি অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সেটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তারা বলেন, ধূমপান শুধু ব্যক্তির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এর প্রভাব আশপাশের মানুষের ওপরও পড়ে।

এ ঘটনায় অভিভাবক ও সচেতন নাগরিকরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীদের শাস্তির দাবি জানিয়েছেন, আবার কেউ কিশোরদের সচেতন করতে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ক্যাটাগরি