পাহাড়ের দুর্গমতা জয় করে পোয়ামুহুরীতে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা পৌঁছানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে স্থানীয় মানুষের ভরসার বাতিঘর হয়ে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পাহারার পাশাপাশি আর্তমানবতার সেবায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন শতাধিক নারী, পুরুষ ও শিশু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চিকিৎসা বঞ্চিত ও নিম্ন আয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা এই ক্যাম্পেইনের মাধ্যমে হাতের নাগালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সামগ্রী পান। স্থানীয়দের মতে, দুর্গম এই জনপদে বিজিবির এমন উদ্যোগ তাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখছে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের আওতাধীন ৫৭ বিজিবি একদিকে যেমন বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চোরাচালান, মাদক ও সীমান্ত অপরাধ দমনে তৎপর, তেমনি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়া এই কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতে ব্যাটালিয়নের অন্যান্য দুর্গম সীমান্ত এলাকায়ও পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।