যুবশক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়তে চাই: দীপন তালুকদার দীপু
যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে রাঙামাটিকে এগিয়ে নিতে চায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। একই সঙ্গে জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়গুলোতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, দায়িত্ব গ্রহণের পর কোনো ধরনের আর্থিক সুবিধা বা তহবিল ছাড়াই কাজ শুরু করেছি। আমাদের শপথ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা। কোনোভাবেই অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো হতে চাই না। এ লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভিশনকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিতে চাই।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের শক্তি ও সম্ভাবনা উপলব্ধি করেছিলেন। আমরাও রাঙামাটির প্রতিটি উপজেলার যুবকদের ঐক্যবদ্ধ করে তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে চাই। যুবকদের সহযোগিতায় একটি শক্তিশালী ও দক্ষ যুবসমাজ গড়ে তুলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক উথোয়াই মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য সদস্যরা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় রাঙামাটির ১০টি উপজেলার প্রতিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে চারটি করে সেলাই মেশিন ও একটি করে লক মেশিন বিতরণ করা হয়েছে। সে হিসাবে ১০টি উপজেলায় মোট ৪০টি সেলাই মেশিন ও ১০টি লক মেশিন বিতরণ করা হয়।
বিতরণ করা এসব যন্ত্রপাতি ব্যবহার করে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করা, পরিবারের আয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে সুবিধাভোগীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন। এর ফলে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবেন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এ কর্মসূচি ইতিবাচক অবদান রাখবে।