রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত চালক।
রাঙামাটি-বান্দরবান আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কায় খোকন দে (৪৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আমজাদ হোসেন (৬০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় চন্দ্রঘোনা থানা-অধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্যবাহী পিকআপ ভ্যানটি রাঙামাটি-বান্দরবান সড়ক দিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিল। পথে বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালক ও সেলসম্যান গুরুতর আহত হন এবং পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। পরে সেলসম্যান খোকন দেকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমজাদ হোসেনের চিকিৎসা চলছে।
নিহত খোকন দে ও আহত আমজাদ হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।