মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা দক্ষিণ আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে ৫ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯৩০ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ৩৪৫ শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে একযোগে ফল প্রকাশ করা হয়।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম দক্ষিণের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ৬ হাজার ১৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৯৭৫ জন। পাসের হার ৪৯ শতাংশ।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৪৫ জন, সাধারণ গ্রেডে ৮০ জন এবং বিশেষ গ্রেডে ২২০ জন রয়েছে। শ্রেণিভিত্তিক হিসাবে চতুর্থ শ্রেণিতে ৯৯ জন, পঞ্চম শ্রেণিতে ৯৪, ষষ্ঠ শ্রেণিতে ৩২, সপ্তম শ্রেণিতে ৩৩, অষ্টম শ্রেণিতে ৪৭, নবম শ্রেণিতে ২০ এবং দশম শ্রেণিতে ২০ জন বৃত্তি পেয়েছে।

এবারের পরীক্ষায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ কামাল চৌধূরী। পুরস্কার হিসেবে সে পাচ্ছে একটি ল্যাপটপ।

এ ছাড়া ‘টপ অব দ্য ক্লাস’ ক্যাটাগরিতে বাইসাইকেল পেয়েছে তিন শিক্ষার্থী। তারা হলো- রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নাশাত আল রাফান, বেগম গুল চেমনআরা একাডেমি (স্কুল অ্যান্ড কলেজের) অষ্টম শ্রেণির সাজিদুল ইসলাম এবং কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের দশম শ্রেণির মোহাম্মদ হোসাইন তানজিম।

একই ক্যাটাগরিতে ট্যাব পেয়েছে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির তাবাচ্ছুম বিনতে দিদার এবং চুনতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ফাতিমা নুর ও নবম শ্রেণির সিদরাতুল মুনতাহা।

ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে এবার প্রায় সাত লাখ টাকার বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফল প্রকাশ উপলক্ষে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা দক্ষিণের পরিচালক ডি.এম. আসহাব উদ্দিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। যারা উত্তীর্ণ হলেও বৃত্তি পায়নি, তাদের আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ দিকনির্দেশনা, পরিচর্যা ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

ডি.এম. আসহাব উদ্দিন আরও বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু বৃত্তি দেওয়া নয়; শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়াশোনায় উৎসাহিত করা এবং সুপ্ত প্রতিভার বিকাশে ভূমিকা রাখা। আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

পরীক্ষার ফলাফল দেখা যাবে ফাউন্ডেশনের ওয়েবসাইটে: https://kishorkanthafoundation.com/chittagongsouth/result

ক্যাটাগরি