চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী রাজনীতিবিদ, দার্শনিক ও বিশিষ্ট আলেমেদ্বীন, সাবেক তুখোড় পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.) প্রতিষ্ঠিত কক্সবাজারের চকরিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তি উপলক্ষে ‘ইতিহাসের সোনালী পাতায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসা’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব মাদরাসার ৮৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীন’-এর উদ্যোগে এবং মাদরাসার মুহতামিম মাওলানা গোলামুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে স্মারকগ্রন্থটি প্রকাশিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা এস. এম. মোরশেদুল হক। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও খতীবে আযম (রহ.)-এর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম ছিদ্দিকী ইসলামী রাজনীতি ও দ্বীনি শিক্ষা বিস্তারে খতীবে আযম (রহ.)-এর অনন্য অবদান এবং বরইতলী ফয়জুল উলুম মাদরাসা প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে মাদরাসার গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগকে যুগান্তকারী আখ্যা দিয়ে স্বাগত জানান।
তিনি বলেন, বরইতলী ফয়জুল উলুম মাদরাসা কেবল একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ (রহ.)-এর ইলমী, রাজনৈতিক ও সমাজসংস্কারমূলক চিন্তাধারার এক ঐতিহাসিক স্মারক। প্রতিষ্ঠানটির ৮৩ বছরের পথচলার ইতিহাস, ঐতিহ্য, অবদান এবং সংশ্লিষ্ট মনীষীদের স্মৃতি সংরক্ষণে স্মারকগ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের সাধারণ সম্পাদক ও স্মারকগ্রন্থের সম্পাদক কবি শামীম হোসাইন ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আমান উল্লাহ, প্রবীণ শিক্ষক মাওলানা ইব্রাহিম আজিজী, নির্বাহী মুহতামিম মাওলানা আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম আসকরী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও খতীবে আযম (রহ.)-এর দৌহিত্র মাওলানা মাহমুদুল হাসানসহ শিক্ষকমণ্ডলী, আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের দায়িত্বশীল এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
এছাড়া খতীবে আযম (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা নজির আহমদ, কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও দ্বীনি খেদমতের স্মৃতি সংরক্ষণে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।