কোতোয়ালী থানা জামায়াতের রুকন শাহজাহান মজুমদারের ইন্তেকালে নগর আমীরের শোক প্রকাশ
চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রুকন ও জামালখান ওয়ার্ড কর্মপরিষদ সদস্য শাহজাহান মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালের সংবাদ পেয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম মরহুমের বাসায় ছুটে যান এবং তাঁর মরদেহ দেখেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন।
শোকবার্তায় মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহজাহান মজুমদারের ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছি। তাঁর মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মরহুম শাহজাহান মজুমদারের প্রথম জানাজার নামাজ আগামীকাল রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড়ে শতদল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।