শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: ২০ নভেম্বর দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি জোনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ইপিজেড থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ ইপিজেড থানা ও ৩৯ ওয়ার্ড কমিটি।

শুক্রবার (২০ নভেম্বর ) দুপুরে বন্দরটিলাস্থ হযরত আলী শাহ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হয় বিভিন্ন প্রতিবাদী স্লোগান। এর মধ্যে ছিল— ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’।

মিছিলত্তোর প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে, তারা হয়তো মনে করছে এভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। আমরা চাই, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের ঘোষিত রায় দ্রুত কার্যকর করা হোক এবং দেশকে কলঙ্কমুক্ত করা হোক।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারও দায় এড়াতে পারে না। একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে সরকার একটি মেনে নিয়েছে, অন্যটি মেনে নেয়নি। গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে দেশে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। নতুন করে কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হবে না। জুলাইযোদ্ধারা বেঁচে থাকতে এমন সুযোগ কাউকে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম। মিছিলটি সঞ্চালনা করেন ইপিজেড থানা বিএম সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমীর ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের শূরা সদস্য ও বন্দর থানা আমীর মাহমুদুল আলম,বন্দর থানা সেক্রেটারি ইকবাল শরীফ , পতেঙ্গা থানা সেক্রেটারি মোঃ বেলাল,৪০ নং ওয়ার্ড আমীর মোঃ ইউসুফ ,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি পুলিশ কমিটির উপদেষ্টা সদস্য হাজী মোঃ মুজিবুল হক বকুল। এছাড়া ইপিজেড থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ক্যাটাগরি