শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

সেনাবাহিনীর প্রশিক্ষণে স্বাবলম্বিতার পথে ২১ পাহাড়ি নারী

পাহাড়ের প্রত্যন্ত জনপদে সংসারের গণ্ডি পেরিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ২১ পাহাড়ি নারী। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে নিজেদের আয়ের পথ তৈরি করতে তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ১৮ নভেম্বর শুরু হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৪ জন পাহাড়ি ও ৬ জন বাঙালি। অংশগ্রহণকারীদের মধ্যে ২১ জনই ছিলেন পাহাড়ি নারী। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম। এতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান, প্রাথমিক চিকিৎসা, পশু মোটাতাজাকরণ এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয় শেখানো হয়। পাশাপাশি স্বল্প পুঁজিতে খামার গড়ে তুলে পারিবারিক আয় বাড়ানোর বাস্তবসম্মত ধারণাও দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ছোট পরিসরে খামার গড়ে তুলতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনেও ভূমিকা রাখবে।

বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার নারীদের এমন উদ্যোগে সম্পৃক্ত করা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, দক্ষতা ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নারীরা পরিবারের আয়ের অন্যতম অংশীদার হয়ে উঠতে পারেন।

স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিতে সেনাবাহিনীর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

ক্যাটাগরি