বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

কলকাতায় উড্ডয়নের আগ মুহূর্তে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে উড্ডয়নের আগ মুহূর্তে ছিনতাইয়ের হুমকির খবর ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। উড়োজাহাজটিতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দরের একটি সূত্রের বরাতে জানা গেছে, উড়োজাহাজটি ওড়ার কিছুক্ষণ আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগকে (এটিসি) ছিনতাইয়ের বার্তা পাঠান পাইলট। তারপরেই তৎপর হয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে দ্রুত উড়োজাহাজটিকে বিমানবন্দরের নিরাপদ এলাকায় (আইসোলেশন বে) নিয়ে যাওয়া হয়। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরাও। গোটা বিমানটিকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। নিয়ে আসা হয় বম্ব এবং ডগ স্কোয়াডও।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, বুধবার সকাল ১০টা ৩৭ মিনিটে বিমানের শৌচাগার থেকে একটি নোট উদ্ধার হয়। তাতে লেখা ছিল, বিমানটি ছিনতাই করা হবে। সেই হুমকি চিঠি মিলতেই বিমানটিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানে তল্লাশি চালানো হয়। যাত্রীদের লাগেজ-ব্যাগপত্রেও তল্লাশি করা হয়েছে।

কে বা কারা এই হুমকি বার্তাটি লিখেছে এবং এর পেছনে কাদের হাত থাকতে পারে, তা খুঁজে বের করতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ক্যাটাগরি