মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে পাইপলাইনের একটি অংশে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আগুন লাগলেও পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই জরুরি সাড়াদানকারী দল ও বিশেষায়িত কারিগরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত মাসেও পাইপলাইনটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছিল। মেরামতের পর আবারও হামলার শিকার হলো সৌদি আরবের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই অবকাঠামো। হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে সৌদি আরবের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়া হয়।

হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। তবে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অতীতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এরইমধ্যে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

ক্যাটাগরি