বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি

‘অপারেশন ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) সামরিক অভিযানের আওতায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মোট ৮৭৪টি স্থল ও বিমান হামলা পরিচালনা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী।

বিভিন্ন ফ্রন্টে পরিচালিত এসব হামলায় নিষ্ক্রিয় (নিহত ও আহত) হয়েছেন প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা। সেই সঙ্গে ধ্বংস হয়েছে হুথি বাহিনীর প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম। হুথিদের বিভিন্ন অবস্থানকেন্দ্র ও সুরক্ষিত এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এসব তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল আল-নুজাইলি বলেছেন, রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ইয়েমেনজুড়ে হুথিদের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে ২৯টি বিমান এবং ৩৯টি ড্রোন হামলা পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর রকেট-লঞ্চার ইউনিটগুলো ৬২ বার এবং ফিল্ড আর্টিলারি (কামান বাহিনী) ৭৪৪ বার গোলাবর্ষণ করেছে; এসব আঘাতে হুথিদের অবস্থান, সৈন্য সমাবেশ, নতুন করে আসা সেনা ও সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এক্সপোস্টে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, সেনাবাহিনী দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে ভূখণ্ডগত সাফল্য অর্জন করেছে এবং বেশ কিছু অবস্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

মুখপাত্র জানান, এসব ফ্রন্টে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ এবং ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর ইউনিটগুলো কাজ করছে, যেখানে অন্যান্য সেক্টরেও লড়াই অব্যাহত রয়েছে। আরও উত্তরে, সামরিক বাহিনীর ‘ইমার্জেন্সি ডিভিশন’, ‘নেশনস শিল্ড ফোর্সেস’ এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম সামরিক অঞ্চলের ইউনিটগুলো হুথিদের গতিবিধি প্রতিহত করছে বলেও এক্সপোস্টে উল্লেখ করেছেন কর্নেল আল-নুজাইলি। এ ইউনিটগুলো উত্তরের ফ্রন্টগুলোতে, বিশেষ করে আল-জওফ ও মারিব এলাকায় হুথিদের অবস্থানে আক্রমণ চালাচ্ছে।

এছাড়া আল-বাদা এলাকায় ‘শাবওয়া ডিফেন্স ফোর্সেস’ এবং অন্যান্য সামরিক ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে।

তাইজ এলাকায় হুথি-বিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্সের সহায়তায় সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করছে এবং তাদের অবস্থান ও গতিবিধির ওপর পাল্টা হামলা চালাচ্ছে।

সামরিক বাহিনী জানিয়েছে, বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।

ইরানের সমর্থন ও মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের নির্মূল এবং তাদের দখলে থাকা রাজধানী সানাসহ পুরো উত্তর ইয়েমেন পুনরুদ্ধার করতে গত ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

সূত্র : আরব নিউজ,এসএমডব্লিউ

ক্যাটাগরি