ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় পোয়াপাড়া ফারুকে আজম (রা:) আর্দশ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাউখালী উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার ও সনদ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সাংস্কৃতিক হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন, কাউখালী উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করে।
প্রতিযোগিতায় ক্বিরাত (ক) বিভাগে নাহিদ দ্বিতীয় স্থান অর্জন করে। একই শিক্ষার্থী কবিতা আবৃত্তি (ক) বিভাগে প্রথম স্থান লাভ করে।
অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. জিন্নাহ আবির হামদ-নাত, আজান ও উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করে কৃতিত্ব দেখায়।
এ ছাড়া উপস্থিত বক্তৃতা (ক) বিভাগে ফরহাদ হোসাইন দ্বিতীয় এবং নাহিদ তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী শিক্ষার্থীরা প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদ গ্রহণ করে।
এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশু-কিশোরদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ, প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।