বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
সোহাগ শেখ,স্টাফ রিপোর্টার
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা ও জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসফেরত হযরত আলী (৬৭)। এ ঘটনায় আদালতে মামলা করেও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী হযরত আলী ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ভাইপো রাসেদুল ইসলাম মাসুম ও শ্যালক আলমগীর।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর সকালে হযরত আলীর বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হযরত আলীসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—মান্নানের ছেলে কাসেম, মোকলেচুরের ছেলে নাজমুল ও মোজাম্মেল, হাসেমের ছেলে সদু, সাত্তারের ছেলে মোকলেছুর, মান্নানের ছেলে আক্তার, কাসেমের ছেলে ইয়ানুর এবং হাসেমের ছেলে মোস্তফা ল্যাটা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ি নির্মাণের জন্য তাঁদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং তাঁদের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়। এ ছাড়া পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে জানান তাঁরা।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে যশোরের বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। তবে মামলা করার পরও অভিযুক্ত ব্যক্তিদের হুমকির কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি তাঁদের।
অভিযোগে প্রধান অভিযুক্ত কাসেমকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।