সৎ ব্যবসায়ে দ্রুত উন্নতির নিগূঢ় তথ্য কোরআনে তুলে ধরা হয়েছে: শহীদুল ইসলাম
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সৎ ব্যবসায়ের মাধ্যমে দ্রুত উন্নতি অর্জনের নিগূঢ় তথ্য পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। কোরআনে পণ্য বিক্রির ক্ষেত্রে বাকিতে দেওয়ার পরিবর্তে কম লাভে নগদ লেনদেনকে উৎসাহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আল্লাহর রাস্তায় জান দেয়ার আগে মাল দেয়াকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ব্যবসায়ী সাহাবীরা দ্বীন রক্ষায় সর্বোচ্চ সম্পদ দান করেছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তি। একইভাবে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী হজরত আবু বকর (রা.) ইসলামের ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর কিশলয় কমিউনিটি সেন্টারে আইবিডব্লিউএফ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইবিডব্লিউএফ চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহজাহান মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং সাংগঠনিক সম্পাদক ও আইবিডব্লিউএফের জোন সভাপতি ডা. এ কে এম ফজলুল হক।
আইবিডব্লিউএফ চট্টগ্রাম মহানগরীর সহ-সেক্রেটারি ও লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল হুদার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য আবু হুরায়রা, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ বোরহান উদ্দীন, দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।
সমাবেশে বক্তারা সৎ ও নৈতিক ব্যবসা পরিচালনা, উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।