শারদীয় দুর্গাপূজায় আলীকদমে ৫৭ বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: মোতায়েন থাকবে ৪ প্লাটুন সদস্য
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ও পরিকল্পনা গ্রহণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে আলীকদমের বিভিন্ন পূজামণ্ডপসমূহের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সদর দপ্তর বিজিবির নির্দেশনা ও ব্যাটালিয়নের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় মোট ০৪ (চার) প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের মাধ্যমে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, গুজব ও অপতথ্য রোধ এবং সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করবে বিজিবি। এই নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সাথে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে।
৫৭ বিজিবির পক্ষ থেকে বলা হয়, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।” দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বসাধারণকে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করার আহ্বান জানানো হয়।
পরিশেষে, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।