শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন। সেখানে ফিরেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে তিনি চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভার্চ্যুয়ালি এ সভা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ বোধ করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়েটের সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, ‘উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চ্যুয়ালি এ সভা হবে।

আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না, নিশ্চিত নই’।
সিন্ডিকেটের আরেক সদস্য ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘উনি ম্যাসেজ পাঠিয়েছেন’।

এ বিষয়ে জানতে ক্ষুদে বার্তা পাঠিয়ে ও ফোনে যোগাযোগের চেষ্টা করেও উপাচার্যের বক্তব্য জানা যায়নি।

ক্যাটাগরি