বিলাইছড়িতে সেনাবাহিনীর মতবিনিময় সভা, গুরুত্ব পেল শান্তি-সম্প্রীতি।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বিলাইছড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিঘলছড়ি আর্মি ক্যাম্পে আয়োজিত এ সভায় মোট ১০৫ জন অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি ও বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন জোন কমান্ডার। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও যুবসমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথাও মনোযোগ দিয়ে শোনেন জোন কমান্ডার। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনসম্পৃক্ততামূলক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিলাইছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুবসমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।