বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বান্দরবানে পাহাড়ের দুর্গম পাড়ায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাব্রিগেডের উদ্যোগে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ শুরু

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
দুর্গম পাহাড় ও আঁকাবাঁকা পাহাড়ি পথের কারণে বান্দরবানের প্রত্যন্ত এলাকাগুলোতে সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রসূতি মা ও নবজাতকের ক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবার অভাব অনেক সময় প্রাণঘাতী রূপ নেয়। পাহাড়ি অঞ্চলের এসব দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব সুনিশ্চিত করতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের ১৮ জন নারীকে দেওয়া হচ্ছে তিন সপ্তাহব্যাপী বিশেষ ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ। ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় বান্দরবান সেনানিবাসের এমডিএস ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আজ মঙ্গলবার প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনের ক্লাস সফলভাবে সম্পন্ন হয়। এদিনের ক্লাসে প্রসূতি মায়ের গর্ভাবস্থায় বিভিন্ন বিপৎসংকেত শনাক্তকরণ, গর্ভকালীন সাধারণ শারীরিক সমস্যা ও তার প্রতিকার, ডায়রিয়া, কলেরা ও পানিশূন্যতায় আক্রান্তদের জরুরি প্রাথমিক চিকিৎসা, প্রসবকালীন সেবা ও সঠিক ব্যবস্থাপনা এবং পরিবার পরিকল্পনার নানা পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এফসিপিএস চিকিৎসক ডা. শাহানা রহমান, এএমসি অফিসার ক্যাপ্টেন লাবিব দাইয়ান এবং মেজর মোছা. শাহরীন জাহান প্রধানের সমন্বয়ে গঠিত একটি অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের দল এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।

প্রশিক্ষণার্থীদের সুবিধার জন্য বান্দরবানের নিউ গুলশান এলাকায় অবস্থিত সোমাং বম হোস্টেলে মানসম্মত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে প্রশিক্ষণস্থলে যাতায়াতের জন্য সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বিশেষ বাস নিয়োজিত রয়েছে। এছাড়া তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার জন্য প্রশিক্ষণার্থীদের বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনের ব্যবসাও রাখা হয়েছে।

আয়োজকদের মতে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যখন নিজ নিজ পাড়ায় ফিরে যাবেন, তখন তাঁরা মাঠপর্যায়ে মাতৃস্বাস্থ্য রক্ষা, নিরাপদ প্রসব করানো এবং যেকোনো জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগ বান্দরবানের প্রান্তিক জনপদে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে নতুন আশা ও গতির সঞ্চার করবে।

ক্যাটাগরি