সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে ফ্যামিলি সমাবেশ, দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও অগ্রাধিকারমূলক প্রকল্প ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আজ লামা উপজেলা পরিষদের হলরুমে তথ্য অফিস, লামার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং জনগণের মধ্যে কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানবির হাসান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্কতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি তথ্যগুলো সুন্দর ও সুনিপুণভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তথ্য সংগ্রহের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “এই প্রকল্পের কাজে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কাজ করতে গিয়ে যেকোনো আইনি সমস্যা সমাধানে লামা থানা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।”

তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে পুলিশি সহযোগিতা নেওয়ার আশ্বাস দেন।

লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রশিক্ষক প্রভুজ বড়ুয়া জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের কর্মসূচির তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় লামা উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল বলেন, “সরকারের অগ্রাধিকার প্রকল্পের এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।”

তিনি কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা জানান।

সমাবেশে উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও সরকারের উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং সংশ্লিষ্ট দপ্তরের সেবা সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থাপনা ও সঞ্চালনা করেন লামা উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল।

আয়োজনে: তথ্য অফিস, লামা, বান্দরবান।

ক্যাটাগরি