লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি: নজরুল ইসলাম
“শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, নুরারিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ ছরোয়ার, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তৈয়ব এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ইমতিয়াজ।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন না; তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বক্তারা বলেন, একটি দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের সঙ্গে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশ সরাসরি জড়িত। তাই শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে।
তারা আরও বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। প্রযুক্তির ব্যবহার, নতুন শিক্ষাপদ্ধতি এবং পরিবর্তিত সামাজিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিয়মিত দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যারা সমাজে জ্ঞান, নৈতিকতা ও জীবনমুখী শিক্ষা ছড়িয়ে দেন, তাদের অবদানও গুরুত্বপূর্ণ। শিক্ষকদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজনসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।