দুর্যোগে মানুষের পাশে রাঙ্গামাটি জেলা ছাত্রদল, দ্রুত সচল হলো সাপছড়ি সড়ক।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ধসে রাঙ্গামাটির মানিকছড়ি এলাকার সাপছড়িতে প্রধান সড়কের একটি অংশ সম্পূর্ণ মাটিচাপা পড়ে। এতে জরুরি যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।
এমন সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের আহ্বানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে তারা সড়কে জমে থাকা বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ অপসারণে নিরলসভাবে কাজ করেন।
দীর্ঘ সময় ধরে চলা এ যৌথ অভিযানে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সড়ক থেকে ধসের মাটি সরিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়। এর ফলে দীর্ঘক্ষণ আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসে।
উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। পুরো কার্যক্রমে তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উদ্ধার ও সড়ক পরিষ্কার কাজে নিরবচ্ছিন্নভাবে অংশ নেন।
স্থানীয়রা জানান, দুর্যোগের মুহূর্তে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের এমন দ্রুত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সড়ক দ্রুত সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
দুর্যোগকালে মানুষের পাশে থাকার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।