সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতা আমির হোসেনের উদ্যোগে খাবার বিতরণ

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা পৌরসভা ও উপজেলা সদরের অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে লামা উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন। এ সময় সহযোগিতায় ছিলেন আবু তাহের মিয়াও।

বৃহস্পতিবার (৯ জুলাই) লামা উপজেলা সদর ও পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং বন্যাকবলিত এলাকায় অবস্থানরত দুর্গত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে বিএনপি নেতা আমির হোসেনের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

খাবার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও দুর্গত মানুষের পাশে থাকতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

খাদ্য বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শৃঙ্খলার সঙ্গে খাবার বিতরণে সহযোগিতা করেন।

দুর্যোগের এই কঠিন সময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করায় আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত মানুষ উপজেলা প্রশাসন, আমির হোসেন এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি