রাঙ্গামাটির লংগদুতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ পুরিয়া গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৪নং বগাচত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌরাস্তা বাজার সংলগ্ন মালেকের মুদি দোকানের পেছনের ফাঁকা স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, লংগদু থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩১৫/২৬ ও পিসিসি নং-৪১৬/২৬, উভয় তারিখ ৮ জুলাই ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) সঞ্জিৎ কুমার মন্ডলের নেতৃত্বে এসআই (নিঃ) এস. এম. আল-মামুন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা রাত্রীকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন (২১), পিতা: বাবুল হোসেন, গ্রাম: মধ্য ঠেকাপাড়া, ৫নং ওয়ার্ড এবং মো. মিরাজুল ইসলাম (২০), পিতা: দিদার হোসেন, গ্রাম: মহাজনপাড়া, ৯নং ওয়ার্ড। তারা উভয়েই ৪নং বগাচত্তর ইউনিয়নের বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের প্যান্টের সামনের ডান পকেট থেকে ৬টি করে মোট ১২টি পুরিয়ায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন খবরের কাগজসহ ১২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৬০০ টাকা।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে লংগদু এলাকায় খুচরা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। স্থানীয় অনুসন্ধানেও তারা খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় লংগদু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত এবং আরও মাদক উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।