সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামার সরই ইউনিয়নে পাহাড়ের পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

অতি ভারি বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার সরই ইউনিয়নের বিভিন্ন পাহাড়ঘেঁষা এলাকায় প্রশাসনের উদ্যোগে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়। মাইকিংয়ে বলা হয়, “অতি ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। অপ্রয়োজনে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করবেন না।”

এসময় উপস্থিত ছিলেন সরই ইউনিয়নের প্রশাসক ও সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল, সরই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংছিং মার্মা, গ্রাম পুলিশ সদস্য এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ক্যাটাগরি