সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে কোতয়ালি থানার বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাঙামাটি কোতয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে কোতয়ালী থানার একটি আভিযানিক দল মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি তাদের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, ইয়াবার উৎস এবং সরবরাহ রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে রাঙামাটি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গত এক মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ক্যাটাগরি