পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে ইউএনও নিয়োগ, প্রজ্ঞাপন জারি
কক্সবাজারের পেকুয়া উপজেলার নবগঠিত পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে পেকুয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ইউএনও’র অধীন পরিচালিত হবে।
গত ২৪ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।