মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে নিরাপদ ও সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই: ডা. শাহাদাত

ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সুস্থ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এই শহর আমাদের সবার। এই শহরকে ভালোবাসতে হবে, নিজের শহর হিসেবে ধারণ করতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা এই শহরকে নিরাপদ ও সুন্দর রাখব।

তিনি রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত শুভ মহালয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, তিনি এমন একটি নিরাপদ শহরের স্বপ্ন দেখেন, যেখানে ধর্মীয় পরিচয় বা বর্ণের ভিন্নতা মানুষের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে না। সবাই সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে। কবির সাম্যের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, “গাহি সাম্যের গান” যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মাধ্যমে একটি মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।

চট্টগ্রামকে নিজের শহর হিসেবে ধারণ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এই নগরীর সঙ্গে আমাদের পূর্বপুরুষের স্মৃতি, শিকড় ও ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানেই আমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছেন, এখানেই বর্তমান প্রজন্মের জীবন জীবিকা এবং এখানেই ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠা। তাই শহরকে আপন করে নিতে হবে। নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, প্রতিটি নাগরিকেরও রয়েছে সমান দায়িত্ব।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সম্মানিত অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সহসভাপতি দিলীপ ঘোষ ও বিপ্লব চৌধুরী। উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট তপন দাশ, প্রিয়তোষ ঘোষ রতন, দীপংকর দেবনাথ, রাধা রাণী দেবী, রিপন রায় চৌধুরী, শুভজিৎ দাশ, অ্যাডভোকেট রাজেশ বিশ্বাস, মৌসুমি চৌধুরী, অমিত ঘোষ, সবুজ দাশ, কার্যনির্বাহী সদস্য ডা. নেহেরু লাল ধর, অ্যাডভোকেট শ্যামল চৌধুরী, রাসেল দত্ত, বৃষ্টি বৈদ্য, সোমা দাশ প্রমুখ।

ক্যাটাগরি