বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

সড়ক দুর্ঘটনায় রামু ফতেখাঁরকুল মন্ডলপাড়ার যুবক মারুফের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নুর মুহাম্মদ, কক্সবাজার-পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া রামুর তরুণ ব্যবসায়ী মারুফ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা যায়, গত সোমবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মারুফ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নুর আহমদের পুত্র। তিনি একজন তরুণ ইন্টারনেট ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

মারুফের বড় ভাই মো. জাবেদ জানান, মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে অল্প বয়সে মারুফের অকাল মৃত্যুতে ফতেখাঁরকুল ইউনিয়নজুড়ে শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বন্ধু, স্বজন ও পরিচিতজনরা শোক প্রকাশ করছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।

স্থানীয়রা জানান, মারুফ একজন ভদ্র, বিনয়ী ও পরিশ্রমী যুবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

ক্যাটাগরি