মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের আশ্বাস

নুর মুহাম্মদ, কক্সবাজার:পার্বত্য নাইক্ষ্যংছড়ি-রামু-গর্জনিয়া বাজার সড়কে দীর্ঘদিনের পরিবহন ভাড়া নৈরাজ্যের অবসানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে রামু উপজেলা প্রশাসন, পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক ও রামু সিএনজি সমিতির প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

সিএনজি সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক ভূট্টু, সহ-সভাপতি নজরুল ইসলাম সুমনসহ কয়েকজন প্রতিনিধি।

অপরদিকে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার, অর্থ সম্পাদক সাইদুজ্জামান, এস.এম. লুৎফুর কবির, আবুল শাহমা, নুরুল হাকিম ও দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের উত্থাপিত অর্ধডজনেরও বেশি জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিগুলোর মধ্যে ছিল— গর্জনিয়া ও কচ্ছপিয়াসহ চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন, গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সড়কের উন্নয়ন, পরিবহন ভাড়া নৈরাজ্য বন্ধ, গর্জনিয়া বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোযোগ সহকারে দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দেন। পাশাপাশি সিএনজি ভাড়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সমিতির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

বৈঠকে ইউএনও জানান, ভবিষ্যতে রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ ভাড়া নৈরাজ্য নিরসনে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই দিন দুপুরে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি জনস্বার্থে পরিচালিত গঠনমূলক কর্মকাণ্ডে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাটাগরি