নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে বাইক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটাস্থ স্টার পার্ক কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকার হাফেজ আব্দুল হাইয়ের ছেলে আশরাফুল হায়াত ছাআদ (২০) এবং গর্জনিয়া ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে কলিম উল্লাহ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া বাজার সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসচেতন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।