জনগণ চাইলে ৩৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন লুৎফর রহমান
চট্টগ্রাম মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লুৎফর রহমান (বি.এস.এস), যিনি “মাস্টার মামা” নামে পরিচিত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি গণমাধ্যমকে জানান, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতামত এবং তার সমর্থিত রাজনৈতিক প্ল্যাটফর্মের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তিনি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিতে পারেন।
লুৎফর রহমান বলেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সেবা করার সুযোগ পেতে চান। তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া, শিক্ষা, মানবাধিকার এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
তিনি আরও বলেন, তার পিতা মরহুম হাজী জাইদুল হকের সমাজসেবামূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ঘনবসতিপূর্ণ ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে আগ্রহী।
বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ নানা দুর্ভোগে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচনের দাবি জানান।
পরিশেষে লুৎফর রহমান বলেন, “জনগণ চাইলে আমি নির্বাচন করব, না চাইলে করব না।” এ বিষয়ে তিনি সকলের দোয়া, মতামত ও পরামর্শ কামনা করেছেন।