পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। দুদিন আগে পৌর এলাকায় তিনটি গরু চুরির পর আবারও নতুন করে চুরির ঘটনা ঘটেছে।
গত ২৯ এপ্রিল বুধবার রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী ভীমপুর গ্রামের কৃষক মো. আফজাল হোসেনের বাড়িতে চুরি সংঘটিত হয়। চোরেরা গোয়ালঘরের দেয়ালে সিঁধ কেটে তিনটি বিদেশি জাতের গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
ভুক্তভোগী আফজাল হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে তিনি বাইরে বের হয়ে দেখেন গোয়ালঘরের দেয়াল কাটা। পরে ভেতরে গিয়ে দেখেন একটি গরুও নেই। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, সেদিন রাতে ঝড়বৃষ্টি হওয়ায় তিনি বারান্দায় বসে ছিলেন। ঝড় থেমে গেলে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে চোরেরা সিঁধ কেটে গরুগুলো নিয়ে যায়। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বলেন, ঘটনাটি রাতেই থানার ওসিকে জানানো হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।