পাঁচবিবিতে গোয়াল ঘরের বেড়া কেটে গরু চুরি, ক্ষতিগ্রস্ত পরিবার
পাঁচবিবি, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকা পট্টি চৌকিদার পাড়ায় গোয়াল ঘরের টিনের বেড়া কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর এসব গরু শনিবার (২৫ এপ্রিল) রাতের কোনো এক সময় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে একদিন বয়সী একটি বাছুরসহ একটি ফ্রিজিয়ান জাতের গাভী এবং একটি বকনা গরু। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানিয়েছেন নিপেন সরকার। এ ঘটনায় তিনি পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর দুই দিন আগেও পৌরসভার পাটাবুকা স্লুইসগেট পাড়ায় সাইফুল ইসলামের একটি গাভী ও বাছুর চুরির ঘটনা ঘটে, যা এলাকায় চুরির আতঙ্ক বাড়িয়ে তুলেছে।
রবিবার দুপুরে সরেজমিনে নিপেন সরকারের বাড়িতে গেলে ইতি রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোরেরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। বিভিন্ন এনজিও থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করে গরুগুলো কিনেছিলাম। গাভীর দুধ বিক্রি করে কিস্তি পরিশোধ করতাম। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব, জানি না।”
এ বিষয়ে পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পাওয়া গেলে পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিতে।