ইউপি কর্মকর্তা সমিতি: কক্সবাজারে আংশিক কমিটি গঠন ও অনুমোদন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটি কক্সবাজার জেলা শাখার নবগঠিত আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।
নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রাজ্জাক।
সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে আবদুল আলীম সাধারণ সম্পাদক এবং আবদুর রাজ্জাক দপ্তর সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, “সহকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন এই বিজয়। আমি সবাইকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে এবং সদস্যদের কল্যাণে কাজ করে যেতে চাই।”
নির্বাচনের ফলাফল ঘোষণার পর সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করে। বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মকর্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সমিতির নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ১১ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ৩১ সদস্যের জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক।